রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজশাহী-নওগাঁ মহাসড়কে বায়া মাছের আড়তের দক্ষিণে পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার।
রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার বায়া মাছের আড়তের দক্ষিণে এয়ারপোর্ট থানা পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এতে ওই টহল গাড়িতে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হন। তিনি আরও জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।





