জামালপুরের মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আবু সাইদ (৩৫) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে আদালত তাকে কারাগারে পাঠায়। এর আগে বিএনপি নেতা আবু সাইদকে সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে চরপাকেরদহ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আবু সাইদ চরপাকেরদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে নাছির চিকু (২৫) নামে এক যুবককে ৩৩ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাকে থানায় নেয়ার পথে চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা হাতকড়ার চাবি ছিনিয়ে নিয়ে নাছিরকে জোরপূর্বক ছিনিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন এবং পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব আল মাহফুজ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, ‘পুলিশের দায়িত্ব পালনে কেউ বাধা দিতে পারে না। দলীয় নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, ‘সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া এই মামলায় প্রধান আসামি নাছির চিকুসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’





