খুলনার পাইকগাছা উপজেলায় একটি সরকারি পুকুরে মিলেছে ২টি ইলিশ মাছ। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ২টি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমান। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে ২টি ইলিশ মাছ পাওয়া গেছে। সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে ভেটকি, রুই, কাতলা মাছের সঙ্গে ২টি ইলিশ জালে ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৭০০ গ্রাম। স্থানীয়রা মাছ ধরার পর ইলিশ মাছ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।
পুকুরের পাড় ডুবে ইলিশ মাছ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হতে পারে। ইদানিং কোনো জলোচ্ছ্বাস হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে ইলিশ মাছ ২টি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ ২টি বড় হয়েছে এটা নিশ্চিত।
পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর পাড়ের পুকুর তো, মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতেই বড় হয়েছে।
স্থানীয়রা জানায়, পুকুরে ইলিশ পাওয়ায় আমরা আনন্দিত। এর আগে আমরা কখনও পুকুরে ইলিশ মাছ দেখিনি।





