Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

পিকনিকের বাসে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

admin • 24 Nov 2024, 10:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পিকনিকের বাসে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

গাজীপুরের শ্রীপুরে পিকনিক যাওয়ার পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) ৩ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন।

 

আকমল হোসেন বলেন, তিন শিক্ষার্থী মৃত্যুর পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

 

এর আগে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি দ্বিতল বাস ও তিনটি মাইক্রোবাসে মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন। আঞ্চলিক সড়ক ধরে যাওয়ার সময় একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে কয়েক শিক্ষার্থী বিদ্যুতায়িত হন। পরে তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

 

নিহতেরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

 

এদিকে, এরই মধ্যে ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।