নেত্রকোণার কলমাকান্দায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলমাকান্দা-পাঁচগাও সড়কের রাজাপুর মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জহিরুল ইসলাম সবুজ (২৮)। তিনি উপজেলার রংছাতি গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, প্রতিদিনের ন্যায় ভাড়ায় গাড়ি চালানোর উদ্দেশ্যে সকালে মোটরসাইকেল চালিয়ে কলমাকান্দা উপজেলা সদরে যাচ্ছিলেন জহিরুল। পথে রাজাপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল নিচে পড়ে গুরুতর আহত হন জহিরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





