নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুটি স্বর্ণের দোকান ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হাতে শহীদ উল্যাহ (৫০) নামে এক বাজার পাহারাদার খুন হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারে মা-মনি জুয়েলার্স ও নূর জুয়েলার্সে এ ডাকাতি ও খুনের ঘটনা ঘটে।
নিহত শহীদ উল্যাহ ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের আব্দুল হকের ছেলে।
মা-মনি জুয়েলার্সের মালিক মিন্টু চন্দ্র নাথ বলেন, ‘শুক্রবারে একদল ডাকাত পিকআপ ভ্যান নিয়ে চাপরাশিরহাট বাজারে ডাকাতি করতে আসে। ডাকাত দল আমার দোকানের স্বর্ণের লকার কেটে ২৫০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।’
নূর জুয়েলার্সের মালিক নুর আলম বলেন, ‘আমার দোকান থেকে ৭ ভরি স্বর্ণ, আড়াইশ ভরি রূপা লুট হয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, ঘটনা টের পেয়ে ডাকাতদের প্রতিহত করতে চেষ্টা করেন পাহারাদার শহীদ উল্যাহ। ডাকাত দল তাকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাজার পাহারাদার শহীদের মাথায় আঘাত করে। পরে অতিরক্তি রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’





