জামালপুরের সরিষাবাড়ীতে ঘুরতে গিয়ে পার্কের ওয়াচ-টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে। নিহত আকুল মিয়া একই এলাকার সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে বন্ধুদের অজান্তেই তিনি পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে জমে থাকা পানিতে ঝাঁপ দেন।
এরপর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার বন্ধুরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্কের ওয়াচ টাওয়ারের নিচে জমে থাকা পানিতে ডুবন্ত অবস্থায় ইমতিয়াজকে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পার্ক কর্তৃপক্ষের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, “পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু নিয়ম ভেঙে এভাবে ঝুঁকিপূর্ণভাবে পানিতে লাফ দেওয়া অনভিপ্রেত। নিহতের বড় ভাই আমাদের পার্কেই কাজ করেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, খবর পেয়ে রওনা হয়েছি।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে কেউ আমাদের এখনো জানায়নি। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





