ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পান বরজ থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে সালমা বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান জানান, সালমা খাতুন বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সকালে একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তার মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল, স্বামীর দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করা হয়েছে।





