Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

admin • 22 Jul 2025, 10:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

শোকের আবহে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লেখা হলো নতুন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে প্রথমবারের মতো রেকর্ড গড়ল বাংলাদেশ। ম্যাচটা এক সময় অনায়াসে জেতার পথেই ছিল, কিন্তু শেষ ওভারে তৈরি হয় তীব্র উত্তেজনা। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতায় ভর করে ৮ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় লিটন দাসের দল।

 
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান পড়ে চরম বিপাকে। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান থাকতেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। দলীয় ৫০ রান পেরোনোর আগেই আরও দুটি উইকেট হারিয়ে একরকম শেষ হয়ে যায় লড়াই। কিন্তু তখনই হাল ধরেন ফাহিম আশরাফ। ধীরে ধীরে জমে ওঠে ম্যাচ।  
শেষ ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৮ রান, হাতে ২ উইকেট। রিশাদ হোসেনের করা ১৯তম ওভারে ১৫ রান তুলে ফেলে সফরকারীরা। ওই ওভারের শেষ বলেই বোল্ড হন দুর্দান্ত খেলতে থাকা ফাহিম, যার সংগ্রহ ৩২ বলে ৫১ রান।  
শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের ১ উইকেট। মুস্তাফিজের করা প্রথম বলেই চার মারেন আহমেদ দানিয়াল, কিন্তু দ্বিতীয় বলেই শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচে তার বিদায়। পাকিস্তান গুটিয়ে যায় ১২৫ রানে। বাংলাদেশ সিরিজ জেতে ৮ রানে।  
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ পড়ে ধসের মুখে। মাত্র ২৮ রানেই নেই ৪ উইকেট-নাঈম শেখ (৩), লিটন দাস (৮), হৃদয় (০), ও ইমন (১৩) দ্রুত বিদায় নেন। বিপদের সময় দলের হাল ধরেন জাকের আলি অনিক ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।  
দুজন গড়েন গুরুত্বপূর্ণ জুটি। মেহেদী খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস, আর জাকের অনিক খেলেন ম্যাচজয়ী ৪৮ বলে ৫৫ রানের ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। তাদের জুটিতেই বাংলাদেশ পৌঁছে যায় লড়াকু ১৩৩ রানে।  
পাকিস্তানের হয়ে সালমান মির্জা (২/১৭), আহমেদ দানিয়াল (২/২৩) ও আব্বাস আফ্রিদি (২/৩৭) বল হাতে সফল হন।  
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পুরো জাতি শোকস্তব্ধ। এই প্রেক্ষাপটে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে দুই দল। বিসিবির আয়োজনে ছিল এক মিনিট নীরবতা, অর্ধনমিত পতাকা এবং মিলাদ মাহফিল।  
এই শোকের আবহে বাংলাদেশ দল শুধু ম্যাচ নয়, ইতিহাসও জয় করল। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এর আগে চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় করে যেভাবে নজর কাড়ে টাইগাররা, এবার সেই ধারাবাহিকতায় যোগ হলো আরও এক মাইলফলক!  
সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার, মিরপুরেই। যেখানে হোয়াইট ওয়াশের মিশন থাকবে টাইগারদের!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩/১০ (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)।
পাকিস্তান: ১৯.২ ওভারে ১২৫/১০ (ফাহিম ৫১, আব্বাস ১৯, দানিয়াল ১৭, খুশদিল ১৩; শরীফুল ৩/১৭, তানজিম ২/২৩, মেহেদী ২/২৫, মুস্তাফিজ ১/১৫, রিশাদ ১/৪২)।
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–০–তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলী অনিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।