ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। এছাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২১মে) সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাচনে ইভিএম ভোট গ্রহণ হয়। সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
এছাড়া চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলার চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ আরিফ খাঁন বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুলাল হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।
এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান৷ ৬ মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে এই উপজেলায় ৩৮ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।





