আসন্ন পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, প্রচার, অনুমতি দেওয়া এবং এই আয়োজনে সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট করেন।
রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।
রিটে মাহমুদুল হাসান উল্লেখ করেন, শান্তি রক্ষা, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি এড়ানো ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর অধিকার ও ইমান রক্ষায় মঙ্গল শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে এই আবেদন করেছেন তিনি।
আবেদনে মঙ্গল শোভাযাত্রাকে একটি ‘নব্য উদ্ভাবিত’ কার্যক্রম মন্তব্য করে সরকারের পক্ষ থেকে প্রচার, অনুমোদন ও পৃষ্ঠপোষকতা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টকে রুল জারির প্রার্থনা করেন মাহমুদুল হাসান। রিটে বলা হয়, পাখি, মাছ, প্রাণীর বিশাল প্রতিকৃতি নিয়ে এই শোভাযাত্রার মাধ্যমে ‘মঙ্গল’ বা ‘আশীর্বাদ’ প্রার্থনা করা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ইমান ও মূল ধর্মীয় বিশ্বাসের ওপর সরাসরি আঘাত।
আবেদনে তিনি দাবি করেন, মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের ঐতিহাসিক কোনো অংশ ছিল না, এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়েছিল। এই কৃত্রিম সংযোজনকে রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়া সংবিধান লঙ্ঘন।





