Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পরীক্ষার হলে ‘বোতল ছুড়ে’ শিক্ষকের মাথা ফাটাল শিক্ষার্থী

admin • 17 Sep 2025, 12:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পরীক্ষার হলে ‘বোতল ছুড়ে’ শিক্ষকের মাথা ফাটাল শিক্ষার্থী

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার হলে পানির বোতল ছুড়ে মো. শুকুর আলম নামে এক গণিতের শিক্ষকের মাথা ফাটিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির দশম শ্রেণির এক শিক্ষার্থী।  সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, দশম শ্রেণির প্রি টেস্ট পরীক্ষা চলাকালে হল পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন শুকুর আলম। এ সময় এক শিক্ষার্থী জোরপূর্বক আসন পরিবর্তন করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ওই শিক্ষার্থী তার হাতে থাকা বোতল ছুড়ে মারলে শিক্ষকের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি বাসায় ফিরেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সিসিটিভি ফুটেজে দেখেছি। বোতলটি ধাতব হওয়ার কারণে ওই শিক্ষক গুরুতর আহত হয়েছেন। ওই শিক্ষার্থীকে আমার কাছে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। সে অভিযোগ করেছে, তার পেছনে থাকা সহপাঠীরা তাকে বিরক্ত করছিল। পরে সে তার বেঞ্চ সামনের দিকে নিয়ে আসে। ওই সময় হলে শিক্ষক শুকুর আলম প্রবেশ করলে অন্য শিক্ষার্থীরা এ বিষয়ে অভিযোগ জানায়। শিক্ষক বেঞ্চটি আগের জায়গায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেও ওই শিক্ষার্থী বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে হাতে থাকা বোতল শিক্ষককে ছুড়ে মারে। অন্য শিক্ষকরা যখন ভুক্তভোগী শিক্ষককে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তখনও ওই শিক্ষার্থী পরীক্ষা দেওয়া নিয়ে কথা বলছিল।

 

তিনি আরও বলেন, বিষয়টি আমরা থানায় অবগত করেছি। তবে ভুক্তভোগী শিক্ষকের অনুরোধের কারণে কোনো মামলা করা হয়নি।

 

লায়লা আক্তার বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই শিক্ষার্থীকে আর রাখা হবে না। এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক থেকে মুচলেকা রাখা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক সুস্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে ছাত্র-শিক্ষকের সম্পর্ক মধুর করতে হবে। আমরা এই জঘন্যতম হামলার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।