Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরস্পরকে মিষ্টিমুখ করালেন সাঈদ খোকন-ফিরোজ রশীদ

admin • 18 Dec 2023, 06:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পরস্পরকে মিষ্টিমুখ করালেন সাঈদ খোকন-ফিরোজ রশীদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমন্ডিতে কাজী ফিরোজ রশীদের বাসায় সাক্ষাৎ করেন সাঈদ খোকন। এ সময় তারা পরস্পরে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এছাড়া ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মোহাম্মদ সাঈদ খোকনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কাজী ফিরোজ রশীদ।

 

কাজী ফিরোজ রশীদ বলেন, ‘ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। সে পুরান ঢাকার সন্তান। এ এলাকার সবাই তার বাবার আপনজন। এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। তিনি আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিলেন। আমিও মাঠ পর্যায়ের জাতীয় পার্টির সব নেতা-কর্মী নিয়ে তার পাশে থাকবো।’

 

এ সময় সাঈদ খোকন বলেন, ‘কাজী ফিরোজ রশীদ আমার চাচা। তিনি আমার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। এক সময় তারা একসঙ্গে রাজনীতি করেছেন, দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। আমি যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ছিলাম, তখন আমাদের এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। তার সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা দুজনই একসঙ্গে পুরান ঢাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, সেবা করেছি।’

 

তিনি আরও বলেন, ‘আজকে নির্বাচনী প্রচারণার প্রথম দিন কাজী ফিরোজ রশীদের কাছে দোয়া ও সমর্থনের জন্য এসেছি। তিনি আমাদের সঙ্গে থাকার কথা ব্যক্ত করেছেন। আমি নির্বাচিত হতে পারলে ঢাকা-৬ আসন নিয়ে তার অভিজ্ঞতা কাজে লাগাবো, ইনশাআল্লাহ।’

 

কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ মোহাম্মদ সাঈদ খোকনকে মনোনয়ন দেয়ায় রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহার করেন কাজী ফিরোজ রশীদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।