ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়ছে। পরে মাছটি ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে চরভদ্রাসন মাছ বাজারে কাতলা মাছটি বিক্রি করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাতলাটি জেলেদের জালে আটকা পড়ে।
স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম সরকার দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরেন। শুক্রবার রাতে চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন। পরে রাত সাড়ে ৩টার দিকে তাদের জালে কাতলাটি আটকা পড়ে।
এ বিষয়ে সাদ্দাম সরকার বলেন, জাল ওঠানোর সময় অনেক ওজন মনে হয়।
পরে বিশেষ কায়দায় জাল টেনে নৌকায় তুললে দেখা যায়, বড় সাইজের একটি কাতলা মাছ। এরপর শনিবার সকালে মাছটি বাজারে নিয়ে ২৩ হাজার টাকায় বিক্রি করি। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের খোকন মোল্লা মাছটি কিনে নেন বলেও জানান তিনি। খোকন মোল্লা চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
বাজারের আড়তদার রফিক খান বলেন, ২২ হাজার টাকায় মাছটি তিনি কিনে নেন। পরে ১ হাজার টাকা লাভে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।
খোকন মোল্লা বলেন, ‘আমাদের পরিবার ও জ্ঞাতিগোষ্ঠীতে অনেক লোক। মাছটি কেটে স্বজনদের মধ্যে ভাগ করে দিয়েছি। অনেক দিন পর পরিবারের সদস্যরা এমন একটি বড় মাছ খেতে পারব, তাই দাম একটু বেশি হলেও মাছটি কিনে নিয়েছি।





