Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, যাবজ্জীবন যুবকের

admin • 21 Mar 2023, 03:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, যাবজ্জীবন যুবকের

কিশোরগঞ্জের করিমগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আসামি শফিকুল ইসলামকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন।

 

মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে শফিকুল ইসলাম প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) প্রায়ই কুপ্রস্তাব দিয়ে যৌন হয়রানি করে আসছিলেন। এনিয়ে পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। ২০২১ সালের ২০ আগস্ট প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন ওই শিক্ষার্থী, এসময় শফিকুল ইসলাম তার মুখ চেপে একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন শিশুটিকে কান্নারত অবস্থায় উদ্ধার করে। এ সময় শফিকুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

 

এ ঘটনার পরদিন ছাত্রীর মা ধর্ষক শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শেষে থানার এস আই আনিছুজ্জামান লিংকন ২০২২ সালের ১৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের মাত্র সাত মাসের মাথায় সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।