পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী'র (বিএসএফ) গুলিতে আইনুল হক (৩২) নামে বাংলাদেশি এক নিহত হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) ভোর রাতে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার ৪৪৮ নং পিলারের ভারতের অভ্যন্তরে ফাঁসিদেওয়া ক্যাম্পের ফকিরগঞ্জ গ্রামে সীমান্তে এ ঘটনাটি ঘটে।
নিহত আইনুল হক দক্ষিণ কাসেমগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতে গুলির শব্দ পায় পরিবারসহ স্থানীয়রা। এদিকে রাতেই আইনুলকে পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আইনুলের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
এ ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ বলে জানান বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন।
চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আরো বলেন, যেহেতু বিএসএফ মরদেহ নিয়ে গেছে, অতএব আইনি প্রক্রিয়া ছাড়া ২-১ দিনে মরদেহ দেশে আসার কোন সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।
এ হত্যা বিষয়ে বিজিবি কিছু জানায় নি।
ইদানীং পঞ্চগড়ে নিয়মিত ঘটনা হয়েছে সীমান্ত হত্যা ।





