পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কেনাবেচার অভিযোগে প্রথমবারের মতো সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) বিকেলে পঞ্চগড় আমলি আদালত-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন মুন্না প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন।
এর আগে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মাহানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদক বিক্রেতা মোছা. খোদেজা বেগম (৪৮), পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সিপাহীপাড়া এলাকার রিয়াদ হোসেন (২১) ও লাঙ্গলগাঁও বড়বাড়ি এলাকার রশিদুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের অভিযানে খোদেজা বেগমের কাছ থেকে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া রিয়াদ হোসেন ও রশিদুল ইসলামের কাছ থেকে পাঁচ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বোদা থানার উপপরিদর্শক কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মোবাইল কোর্টে সাজা পাওয়ার পর অনেক সময় আসামিরা দ্রুত আপিল করে জামিনে বের হয়ে আসে। তাই মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের সাজা নিশ্চিত করতে এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অ ব্যাহত থাকবে।





