Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা,গ্রেপ্তার ৩

admin • 20 Jan 2026, 09:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা,গ্রেপ্তার ৩
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুল হক (৪৮), একই এলাকার ময়নউদ্দীনের ছেলে মোসলেমউদ্দিন (৩৮) এবং মৌমারি হাকিমপুর এলাকার সোলেমান শেখের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ সমাবেশ, সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীর ওপর হামলা, হুমকি ও যৌথ অপরাধের অভিযোগে ইটভাটা মালিক মো. আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর সোমবার রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল দণ্ডপাল ইউনিয়নের মৌমারী বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটার শ্রমিকরা এসে সড়কের ওপর অবস্থান নেন। তারা প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অভিযান বন্ধের দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে বিক্ষোভকারীদের বাধার মুখে অভিযান পরিচালনা সম্ভব না হওয়ায় অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।