Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের কারাদণ্ড

admin • 03 Jul 2025, 05:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের কারাদণ্ড

পঞ্চগড়ে পুলিশ ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে আবু সাত্তার (২৫) নামে এক যুবককে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। একই সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সময় তার বাড়িতে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়। একইসঙ্গে তার বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকা খুঁজে পায় সেনাবাহিনী।

বুধবার (২ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের রওশনাবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান। এ সময় জব্দ করা মোবাইল ফোনগুলো ও একটি ল্যাপটপ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

জানা গেছে, আব্দুস সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। সুপারি ব্যবসার কথা বলে বিগত ৫ বছর ধরে আব্দুস সাত্তার এই অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে ভাড়া বাড়িতে কার্যক্রম চালিয়ে আসছে। পুলিশসহ বিভিন্ন মহলকে ম্যানেজ করেই চালাতো এই ব্যবসা। ইতোমধ্যে জালাসি এলাকায় কিনেছেন ২ কোটি টাকার জায়গা জমি। তার বিলাস বহুল জীবন যাত্রায় এলাকার মানুষের সন্দেহ হলে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে যৌথবাহিনী হানা দেয় তার বাড়িতে।

তিনি স্ত্রী সন্তান ও শ্যালককে নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকায় এক ব্যাংকারের বাসায় একটি ফ্ল্যাট বাড়িতে ভাড়ায় থাকতেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতো না তার পরিবারের কেউ। 

আরও জানা গেছে, গত পাঁচ বছর ধরে এই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিনি। এমনকি প্রতি মাসে তার আয় হতো এক লাখ টাকার উপরে। 

এ বিষয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে ও গোপন সংবাদ পেয়ে শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু অনলাইন গেম লিংকের আলামত পাওয়া যায়। অভিযানে এক ব্যক্তিকে অনলাইন গেম লিংকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ সময় তার কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ সময় বিভিন্ন আইডিতে সাড়ে বারো লাখ টাকার মতো পাওয়া গেছে। তাকে আটকের পর অভিযান শেষে ঘটনাস্থলে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, রওশনাবাগ এলাকায় আবু সাত্তার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তিনি অনলাইনে জুয়া এবং কেসিনো গেমের সঙ্গে জড়িত। সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।