নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌস করিম রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রুমেল শহরের নিউটাউন এলাকার মো. কামাল আহমেদের ছেলে।
শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
ওসি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া।
এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, রুমেলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা এবং নাশকতার অভিযোগে নেত্রকোণা মডেল থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পর থেকে রুমেল পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





