Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে: রেলমন্ত্রী

admin • 19 Dec 2023, 12:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রীবেশে উঠে ট্রেনে নাশকতা করেছে দুর্বৃত্তরা। এমন নাশকতা প্রতিহত করা কঠিন। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

 

রেলমন্ত্রী বলেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তারাই ট্রেনের নাশকতার সঙ্গে জড়িত। দুর্বৃত্তরা রেলকে আক্রমণের প্রধান হাতিয়ার বানিয়েছে। যে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো প্রতিটি ফৌজদারি অপরাধ।

 

রেলে পথে নাশকতা ও দুর্ঘটনা রোধে সবার সহযোগীতা চেয়ে তিনি বলেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ সময়টাতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে। রেলকে দুর্ঘটনার ফেলে জনজীবন হুমকিতে নিয়ে যাওয়া হচ্ছে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুনের খবর ভোর পাঁচটা ৪ মিনিটে পাওয়া গেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঁচটা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রহরায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ছয়টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ হয়।

 

এ সময় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

 

তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। নাদিরার স্বামী কারওয়ান বাজারের একজন হার্ডওয়ার্ড ব্যবসায়ী বলে জানা গেছে। ঘটনার সময় নাদিরা আক্তারের ভাই এবং তার আরও এক ছেলে ট্রেনে ছিল। তারা ট্রেন থেকে নামতে পারলেও নাদিরা নামতে পারেননি। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।