টাঙ্গাইলের ঘাটাইলে নিজেদের আখক্ষেতে চুরিরোধ ও শিয়ালের জন্য পাতানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের কৃষক মো. আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
এলাকাবাসী জানান, কৃষক আরশেদ তার বাড়ির পাশেই আখ চাষ করেন। ক্ষেত থেকে যেন কেউ আখ চুরি ও শিয়াল এসে আখ নষ্ট করতে না পারে, সেজন্য তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামী আরশ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশের নিজ আখক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী-স্ত্রী মারা যান। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।





