Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাশতা খেয়ে অসুস্থ হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী

admin • 02 May 2026, 01:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাশতা খেয়ে অসুস্থ হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী

দিনাজপুরে টেস্টি ট্রিট নামক একটি রেস্টুরেন্ট থেকে নাশতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে গার্ক চক্ষু হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন।

এর আগে, শুক্রবার সকালে মহান মে দিবসের একটি অনুষ্ঠানে টেস্টি ট্রিট রেস্টুরেন্ট থেকে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ আনা হয়।

অসুস্থ কর্মকর্তা-কর্মচারীরা জানান, মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ নাশতা হিসেবে দেয়। পরে দুপুরের পর একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। হাসপাতালটির মোট ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় রাতে টেস্টি ট্রিট রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। পরে সেখানে কিছু খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় রাতে গার্ক চক্ষু হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা জানান, বিষয়টি জানার পর টেস্টি ট্রিট রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রেস্টুরেন্টে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নমুনার রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।