হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার (২ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - মাইক্রোবাসের যাত্রী আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। অপরজন চালক নাঈম আহমদ জয়। তিনি সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীরা আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ারা বেগম ও তার পরিবার। বুধবার ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। পথে মডেল বাজারে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।





