Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

নতুন রহস্য, ফাইনালে ফ্রান্সের তুরুপের তাস হতে পারেন বেনজেমা

admin • 15 Dec 2022, 07:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নতুন রহস্য, ফাইনালে ফ্রান্সের তুরুপের তাস হতে পারেন বেনজেমা

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এই ম্যাচের আগে তৈরি হয়েছে নতুন রহস্য। আর সেটা হল ফ্রান্স তারকা করিম বেনজেমাকে নিয়ে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া তারকাদের লম্বা সারিতে নাম লেখান করিম বেনজেমা। 

ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে হারানোর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকেও দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হয়। তবে চোটে ছিটকে গেলেও তার কোনো বিকল্প খেলোয়াড় আনেনি ফ্রান্স। তাই যেকোনো মুহূর্তে দলে যোগ দেওয়ার সুযোগ আছে বেনজেমার। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমা।

পরিস্থিতি আরও জটিল হয়েছে সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জয়ের পর দেশমের মন্তব্যে। বেনজেমাকে ফাইনালে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে দেশম বলেছেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা বলুন দয়া করে।’

দেশমের এমন রহস্যময় উত্তর বেনজেমার ফেরা নিয়ে গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে। অনেকেই বলছেন, আর্জেন্টিনার বিপক্ষে দেশম ব্যবহার করতে পারেন বেনজেমা-ট্রাম্পকার্ড।

ফ্রান্সের বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চোটে পড়া বেনজেমার সেরে উঠতে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন চিকিৎসকেরা। এখন সময়মতো ফিরে এসে রিয়াল মাদ্রিদের মাঠে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন বেনজেমা। তবে প্রশ্ন হচ্ছে, বেনজেমাকে আদৌ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে কি না!

গ্রুপ পর্ব চলাকালীন অবশ্য বেনজেমার ফেরা নিয়ে নেতিবাচক উত্তর দিয়েছিলেন দেশম। তখন তিনি বলেছিলেন, ‘এটা এমন কিছু, যা নিয়ে আমি ভাবছি না।’ এরপর ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস বলেছিল, বিশ্বকাপ শেষ হওয়ার আগে বেনজেমার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তবে এখন পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে।

আবার কেউ কেউ বলছেন, বেনজেমাকে বেঞ্চে বসিয়েও আর্জেন্টিনার ওপর চাপ তৈরির চেষ্টা করতে পারেন ফ্রান্স কোচ। তবে বেনজেমা ইস্যুতে নতুন কোনো নাটকয়ীতার দেখা মেলে কি না, তা জানতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।

ব্ল্যাকমেলিং বিতর্কে সাড়ে পাঁচ বছর জাতীয় দলে ব্রাত্য ছিলেন বেনজেমা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়টা তাই উপভোগ করতে হয়েছে টিভির সামনে বসে। তবে কাতারে সেই দুঃস্বপ্নকে কবর দিতে চেয়েছিলেন বেনজেমা। তবে এবারও ভাগ্য সহায় হয়নি বেনজেমার। বিশ্বকাপ অভিযান শুরুর আগমুহূর্তে চোটে পড়ে আবার সব এলোমেলো হয়ে যায়।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।