নড়াইলের লোহাগড়া উপজেলার একটি ইটভাটায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাউদ গাজী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাচই-ধানাইড় গ্রামে অবস্থিত ‘আগুন ব্রিকস্’ নামের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দাউদ গাজী পাইকগাছা উপজেলার হকলারচক গ্রামের বাসিন্দা। তিনি ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইট তৈরির জন্য মাটি ভেজাতে পানির মোটর চালু করেন দাউদ গাজী। কাজ চলাকালে হঠাৎ মোটরটি বন্ধ হয়ে যায়। পরে ভেজা কাপড়ে মোটরের সুইচ চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





