নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির স্প্রিং সকাপ (যন্ত্রাংশ) ভেঙে গেছে। এতে বন্ধ রয়েছে উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ। মঙ্গলবার (৪ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাণীনগর স্টেশন মাস্টার মালিক বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা পর ত্রুটিপূর্ণ বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন নিয়ে যাওয়া হয়েছে।
এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। বগি উদ্ধারের কাজ চলছে। বগিটি উদ্ধার কাজ শেষ করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।





