নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্য বাগেরহাটে কর্মরত রয়েছেন। তাঁর শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছানোর পর এর গতি কিছুটা কমে আসে। এ সময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তাঁর দুই পা হাঁটু থেকে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত ওই পুলিশ কনস্টেবলের নিজ গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।





