জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন ) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা এবং দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় ঘরে থাকা একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। তখন হুমায়রা জানায়, একটি বড় সাপ তাকে কামড় দিয়েছে।
স্বজনরা প্রথমে শিশুটির পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, হুমায়রা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। সে অত্যন্ত শান্ত স্বভাবের ও সবার প্রিয় ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।





