গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর গজারীয়া এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা উত্তর গজারিয়া এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত গৃহবধূ হলেন, উপজেলার উত্তর গজারিয়া এলাকার শিমুল হোসেনের স্ত্রী পারুল আক্তার (৪৫)।
জানা যায়, গত কয়েকদিন আগে পারুলকে রেখে শিমুল দ্বিতীয় বিয়ে করেছে। পারুল বিষয়টি জানতে পেরে এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছে।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে উপজেলা কাঞ্চনপুর এলাকার আব্দুল হামিদের মেয়ে পারুল আক্তার ও শিমুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহর কয়েক বছর পরে শিমুল ও পারুল দম্পতির ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। স্বামী শিমুল স্থানীয় ইউনিলিভার কোম্পানিতে চাকরি করেন।
পারুল স্থানীয় একটা পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া শেষে দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ডাকলে কোন সারা শব্দ না পেয়ে স্বামী শিমুলের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।





