Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা,গ্রেপ্তার ৩

admin • 05 Jul 2024, 12:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দৌলতপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা,গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবারের ওই ঘটনায় থানায় মামলা হলে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার গোলাম আলী ড্রাইভার (৫০), তাঁর ভাগনে মিঠুন আলী (৩০) ও লাল মহম্মদ (৫৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার রাতে চোর সন্দেহে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার বাড়ি থেকে বুশকে ডেকে নিয়ে কয়েক দফা মারধর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। আরিফুল ইসলাম বুশ ওই এলাকার গোলাম মস্তফার ছেলে। এর আগে মঙ্গলবার রাতে গোলাম আলী ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়।

হত্যার ঘটনায় বুশের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।