সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সদর পয়েন্টে এ সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও সেনাবাহিনী।
জানা গেছে, সন্ধ্যায় থানা সদরের একটি দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই ঘটনায় ৪০ জন আহত হলে তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বর্ণি গ্রামের এক ব্যক্তির মোবাইল চার্জ দেওয়া নিয়ে কাঁঠালবাড়ী গ্রামের অপর একজনের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৪০ জন আহত হন। একই সময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ছাড়াও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।





