Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেশের ২ বিভাগ ও ৫ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

admin • 22 Jan 2024, 09:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেশের ২ বিভাগ ও ৫ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ

দেশের ২ বিভাগ ও ৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশেই তাপমাত্রা কম। রাজধানীতে সোমবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

 

ওমর ফারুক বলেন, আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা কম থাকবে। এরপর আগামী বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে থাকবে।

 

আজ সোমবার ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রিতে নামবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এছাড়া সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিচের দিকে নেমে আসায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা আরও নিচের দিকে নেমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। মধ্যরাতের পর থেকে কুয়াশা থাকছে। এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

 

এর আগে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানায় সংস্থাটি।

 

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

এছাড়া মঙ্গলবারের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।