Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে শিশু বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেফতার

admin • 20 Jan 2024, 07:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শিশু বলাৎকার মামলার প্রধান আসামি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাঁচ বছরের শিশু বলাৎকারের ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ তরিকুল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ৩টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালী এলাকায় উপ-পরিদর্শক ইয়াকুব আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্ৰেপ্তার করা হয়।

 

গ্ৰেপ্তার তরিকুল ইসলাম চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালী গুচ্ছগ্ৰাম এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শিশু মিজান (৫) বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর চিলাহাটি ইউনিয়নের মাঝিয়াল পাড়া এলাকায় নানার বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মিজানকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে বলাৎকার করে অভিযুক্ত তরিকুল ইসলাম। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পাশের ক্ষেতে ঘাস তুলতে আসা এক নারী এগিয়ে এলে অভিযুক্ত তরিকুল ইসলাম পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তার নানার কাছে নিয়ে যান সেই নারী।

 

শিশুটির নানা ভাউলাগঞ্জ বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান। স্থানীয়ভাবে সালিশী বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হন জনপ্রতিনিধিরা। পরে শনিবার দুপুর আড়াইটায় তরিকুল ইসলামকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করে শিশুটির নানা মফিজুল ইসলাম।

 

এজাহার পাওয়ার পর প্রাথমিক তদন্ত শেষে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তরিকুল ইসলাম কে আটক করে পুলিশ। এঘটনায় বলাৎকারের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালের ওয়ান-স্টপ-ক্রাইসিস এ (ওসিসি) পাঠানো হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এজাহার পাওয়ার পর অভিযান পরিচালনা করে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।