Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে ভোটের ১০ দিন পেরিয়ে গেলেও অপসারণ হয়নি পোস্টার-ব্যানার

admin • 22 Feb 2026, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ভোটের ১০ দিন পেরিয়ে গেলেও অপসারণ হয়নি পোস্টার-ব্যানার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করা হয়নি প্রার্থীদের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এতে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিদ্যুতের খুঁটি, গাছ ও দেয়ালে অসংখ্য পোস্টার টাঙানো রয়েছে। আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা বড় আকারের বিলবোর্ডও এখনো অপসারণ করা হয়নি।

 

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের সব ধরনের প্রচারসামগ্রী সরিয়ে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এছাড়া প্রার্থীরা নিজ দায়িত্বে প্রচার সামগ্রী অপসারণ না করলে পৌরসভা পরিচ্ছন্নতার স্বার্থে সেগুলো সরিয়ে নিতে পারে। তবে পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে আচরণবিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, নির্বাচন শেষ হয়েছে অনেকদিন কিন্তু এখনো শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার–ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে। এতে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়ে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন না হলে আইন মানার সংস্কৃতি দুর্বল হয়ে পড়তে পারে।

 

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করে শহরের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।