পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হিসেবে উপজেলার চিলাহাটি ইউনিয়ন এবং দেবীগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে পোড়া মবিল ও ব্যবহার নিষিদ্ধ রঙ ব্যবহার করায় চিলাহাটি ইউনিয়নের তিস্তা পাড়া এলাকার নাঈম বেকারিকে ১৫ হাজার টাকা এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে রাখায় দেবীগঞ্জ বাজারের পুষ্পিতা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলার সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম উদ দৌলা বলেন, দেবীগঞ্জ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।





