Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তি; যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

admin • 29 Nov 2025, 05:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তি; যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তির অভিযোগে নাছির উদ্দিন নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে পৌরসদরের বিজয় চত্বরে তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম, মোমিনুল ইসলাম, জিহাদ, বেলাল হোসেনসহ কয়েকজন বক্তা। বক্তারা অভিযোগ করেন, দন্ডপাল ইউনিয়নের সুপারিতলা এলাকার নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেছেন। তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। থানায় অভিযোগ দিতে গেলে ওসি তাঁদের আপোষ করার পরামর্শ দেন।

 

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। দ্রুত নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, গতকাল ঐ এলাকার মুসল্লিরা থানায় এসেছিলেন। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়েছি বর্তমানে সেই যুবক এলাকায় নেই। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে কমেন্ট করে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেন নাছির উদ্দিন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শুক্রবার (২৮ নভেম্বর) দন্ডপাল ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।