Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই ট্রাকের সংঘর্ষে হোটেলে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

admin • 31 Oct 2024, 06:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই ট্রাকের সংঘর্ষে হোটেলে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

 

আহতরা হলেন- পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামে একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খাবার হোটেল মালিক সাদ্দাম খান জানান, আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিষ্কার করছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসা ছিল। আর আমার ম্যানেজার টিুট দোকানে বসেছিলেন। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজার চিৎকার শুনে এসে দেখি একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দু’জন গুরুতর আহত হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাক চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।