দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সোয়া ১১ টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের খাজানুর ইসলামের ছেলে ইজিবাইক চালক নজরুল ইসলাম (৪৫) ও পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী জাহানারা বেগম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল। পথিমধ্যে বারাইহাট নামক এলাকায় সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও ইজিবাইকের চালক নিহত হন। এতে ইজিবাইকের আরও ২ যাত্রী আহত হন। ওই ইজিবাইকে ৩ জন যাত্রী ও চালক ছিলেন।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে। আহতদের মধ্যে একজনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর একজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি ও চালককে আটক করা হয়েছে।





