Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

তামিমের বিদায়ে ওয়ানডে অধিনায়ক হচ্ছেন কে?

admin • 06 Jul 2023, 08:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
তামিমের বিদায়ে ওয়ানডে অধিনায়ক হচ্ছেন কে?

বাংলাদেশের ওয়ানডে দলে ছিল না তামিম ইকবালের কোনো ডেপুটি। আফগানিস্তান সিরিজ শুরুর আগে তামিম শতভাগ ফিট না হওয়ায় বারবার তাই সহ-অধিনায়কের প্রসঙ্গ উঠতে থাকে। তামিম নিজে যেমন এ প্রশ্নের সম্মুখীন হন, তেমনি কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও করা হয় একই প্রশ্ন। মাত্র দুদিন আগে এ প্রশ্ন নিয়ে কারও তেমন মাথাব্যথা না থাকলেও, ক্রিকেট বোর্ডকে এখন ভাবতেই হচ্ছে।

তাও সহ-অধিনায়ক নয়, সরাসরি তামিমের বিকল্প নিয়ে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই ভাবনা-চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন তামিম নিজেই। আজ বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে সংবাদ সম্মেলন ডাকেন তামিম। সেখানে জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না তিনি। এ যেন বিনা মেঘে বজ্রপাত। কেননা সিরিজ শুরুর আগেও কেউ কল্পনা করেনি, এতো দ্রুতই বিদায়ের কথা শোনাবেন দেশ সেরা এই ব্যাটার।

কেন এ সিদ্ধান্ত নিয়েছেন, সংবাদ সম্মেলনে তা তামিম জানাননি। তবে চট্টগ্রামে প্রথম ওয়ানডে শুরুর আগে, ফুল ফিট না হয়েও তার খেলতে চাওয়া এবং পরবর্তীতে প্রধান কোচ হাথুরুসিংহে এবং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ক্ষোভ প্রকাশ্যে আসতেই পাল্টে যায় দৃশ্যপট। তামিম বিষয়গুলো নিশ্চিত মেনে নিতে পারেননি। তাই এই হঠাৎ প্রস্থান তার।

আফগানিস্তান সিরিজ শুরুর আগে তামিমের সহ-অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে কোনো মাথাব্যথা না থাকলেও, বোর্ডকে এখন খুঁজতে হবে পরবর্তী অধিনায়ককে। যার অধীনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

তামিমের অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ায়। তাকে অধিনায়ক করা হয়েছিল বিশ্বকাপ ভাবনা মাথায় রেখেই। কিন্তু তামিমের হঠাৎ প্রস্থানে ভারত বিশ্বকাপে নতুন অধিনায়কের নেতৃত্বেই খেলবে টাইগাররা এবং সে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে সেই সাকিবই, যার কারণেই নেতৃত্ব পেয়েছিলেন তামিম!

বয়স ৩৬ হলেও এখনো ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব। অন্য দুই ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কও তিনি। গত বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সে পুরো দুনিয়াকে বুঁদ করে রেখেছিলেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে আবারও নেতৃত্ব দেওয়ার দৌড়ে তাই বেশ এগিয়ে সাকিব।

আলোচনায় আছেন লিটন দাসও। তামিমের চোটে ভারতের মতো দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে লিটনের। তার অধীনে ওই সিরিজে ভারতকে হারিয়েও দেয় বাংলাদেশ। বিসিবি যদি তারুণ্যের দিকে ঝোঁকে তবে লিটনের অধীনেই বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেখা যেতে পারে।

ক্ষীণ সম্ভাবনা আছে নাজমুল হোসেন শান্তরও। খুব বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের তলায় মাটি শক্ত হয়েছে তার। তবে বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শান্তর। নেতা হিসেবে আছে বেশ ভালো নামডাকও।

তামিম ইকবালের অবসর ইস্যুতে এখনো মুখই খোলেনি বিসিবি। আজ রাতে জরুরি মিটিংয়ে বসার কথা আছে বোর্ড পরিচালকদের। সেই বোর্ড সভা শেষে প্রতিক্রিয়া জানাবে বিসিবি। সেই সভায় হয়তো তামিমের পরিবর্তে কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক সেই সিদ্ধান্তও চলে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।