মেডিকেল প্রতিবেদক, ঢাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের তারেক(২৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় মৃত ঘোষণা করেন।
হাজতি তারেককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সোহাগ বলেন, ‘সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ হাজতি তারেক অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’
কারারক্ষী সোহাগ আরও বলেন, ‘তিনি কি মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তা বলতে পারছি না। তাঁর হাজতি নম্বর ৩০২৩/২৪, বাবার নাম জুবায়েত হোসেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতী তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’





