ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার পর অচেতন অবস্থায় তাঁকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই কয়েদির নাম মো. পাভেল রহমান (৫৪)। তাঁর কয়েদি নম্বর ১৩৮৭০/এ । পাভেলের বাবার নাম গোলাপ রহমান। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
পাভেল রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাকিল খান জানান, আজ সকালের দিকে পাভেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী মিলে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর সকাল পৌনে ১১টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসামিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি পাভেল রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





