মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত ওই নারীর নাম মিথিলা আক্তার। তিনি শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত শিশু আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। সম্পর্কে তারা খালা–ভাগ্নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় ট্রেনটি। এসময় ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে ৪ হাত–পা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করেন চিকিৎসকরা।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির খালার মৃত্যু হয়েছে। গুরুতর ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে। খুবই মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটেছে।’





