ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে নাটোরের সিংড়ায়। ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
উপজেলার কলম পুন্ডরী গ্রামের গাছকাটা শ্রমিক রহিম আলী, বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের কাচু আলী নিহত হয়েছেন।
সিংড়া বাজার থেকে অটোভ্যানযোগে চালকসহ কয়েকজন গাছকাটা শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিল। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় বিদ্যুৎ ও কাচু আলী নামের দুই শ্রমিক বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি আরও জানান এলাকাবাসীরা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বিদ্যুৎ ও কাচুর মৃত্যু হয়। ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।





