শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবায় স্ত্রীর মর্যাদার দাবিতে কক্সবাজারের এক তরুণী অনশন করছেন। ২০ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের আবেদ আলী মুন্সি কান্দি গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে সজিব ফকিরের (২৮) স্ত্রী দাবি করে অনশন করেন তিনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী এবং জাজিরার সজিব ফকির দুজনেই সৌদি প্রবাসী ছিলেন। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের মাধ্যমে সজিব ফকিরের সাথে প্রায় আড়াই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তরুণীর। এক বছর দুই মাস আগে সৌদিতে থাকা অবস্থায় তারা এক হুজুরের মাধ্যমে বিয়ে করেন।
এরপর দুজনে একসাথেই ছিলেন সৌদি আরবে। সৌদিতে থাকা অবস্থায় তাদের মাঝে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। একপর্যায়ে মেয়েটি প্রেগন্যান্ট হলে বন্ধুর মাধ্যমে বাংলাদেশ থেকে ঔষুধ নিয়ে চার মাসের বাচ্চাকে নষ্ট করে ফেলে সজিব ফকির। একপর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় এভাবে আর থাকা যাবে না তাই আমেনা বেগম গত মাসে বাংলাদেশে এসে ঢাকায় কাজীর মাধ্যমে দুজনে কাবিন করেন।
ভুক্তভোগী তরুণী বলেন, দেশে আসার পর থেকেই সজিব ফকির আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আমাদের গোপন মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে ভাইরাল করে দেয়। আমাকে প্রতিনিয়ত হুমকি দেয়, এতদিন আমি তোমাকে শুধু ইউজ করেছি। আমাদের মাঝে সবই ছিল টাইম পাস।
এখন আমি কোনো উপায়ন্তর না পেয়ে সজিবের বাড়িতে চলে আসি। এই বাড়িতে আসার পরে সজিবের মা এবং বোনেরা আমাকে মারধর করে। আমি সিদ্ধান্ত নিয়েছি বাঁচলে স্ত্রীর মর্যাদা নিয়ে এই বাড়িতে বাঁচব আর নয়তো বিষ পান করে আমি আত্মহত্যা করব।





