যশোরের অভয়নগরে ভৈরব নদে ৭০০ টন কয়লা ভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুরে নদের ভাটপাড়া খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এমভি পূর্বাচল নামে ক্ষতিগ্রস্ত জাহাজটির মাস্টার মো. এনায়েত জানান, গত ৬ জানুয়ারি মোংলা থেকে ৭০০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজটি নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেয়।
পরদিন সন্ধ্যায় জাহাজটি নওয়াপাড়া বন্দরে পৌঁছালেও সিরিয়াল পায়নি। ফলে সেটি সরিয়ে ভাটপাড়া খেয়াঘাটের অদূরে নোঙ্গর করে রাখা হয়। আজ বেলা ১১টার দিকে জাহাজটি ডুবতে থাকে। বিষয়টি টের পেয়ে আমরা কয়লা খালাসের চেষ্টা চালিয়েছি।
মাস্টার মো. এনায়েত আরও বলেন, সম্ভবত জাহাজটির তলা ছিদ্র হয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
নওয়াপাড়া নৌবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জেএইচএম গ্রুপের আমদানি করা কয়লা ছিল। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙ্গর করে রাখা হয়েছিল। আমরা বেলা সাড়ে ১১টার দিকে সেটি ডুবতে শুরু করার খবর পাই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, জাহাজের কয়লা আনলোড করে জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে। স্বাভাবিক আছে নৌ চলাচল। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।





