Thursday, 3 September 2026
শিরোনাম
ফুটবল

জার্মান কোচ বললেন, ‘চাপে আছি’

Mohiuddin Ahmad Tanveer • 24 Nov 2022, 10:00 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জার্মান কোচ বললেন, ‘চাপে আছি’

‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দেয় জাপান। শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য ধরে রেখে খেলা জার্মানি ৩৩তম মিনিটে ইলকাই গিনদোয়ানের পেনাল্টি গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

 

অনেকটা সময় জুড়ে দ্বিতীয় সেরা দল হয়ে থাকা জাপানকে ৭৫তম মিনিটে সমতায় ফেরান মিনিট চারেক আগে বদলি নামা রিতু দোয়ান। আট মিনিট পর জার্মানদের স্তব্ধ করে জাপানকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা আরেক খেলোয়াড় তাকুমা আসানো।

 

জার্মানির বিপক্ষে এটি জাপানের প্রথম জয়। এর আগে দুই দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। বড় টুর্নামেন্টে এই নিয়ে টানা তিনবার নিজেদের প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেল জার্মানি।

 

২০১৮ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে বসে মেক্সিকোর কাছে। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। এক বছর পিছিয়ে গত বছর অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে তাদের হারের স্বাদ দেয় ফ্রান্স।

 

জাপানের বিপক্ষে হেরে যাওয়ায় চার বছর আগের রাশিয়া বিশ্বকাপের মতো আবারও গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে জার্মানরা। ম্যাচের পর কোচ হান্স ফ্লিক বলেন, এগিয়ে থাকা অবস্থায় লিড বাড়ানোর সুযোগ কাজে না লাগাতে পারার মাশুল দিতে হয়েছে তাদের।

 

'এই হার এবং কোনো পয়েন্ট না থাকায় আমরা চাপে আছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা শুধুমাত্র নিজেদের দোষ দিতে পারি। এটি একটা বড় হতাশা। আমরা প্রথমার্ধে সঠিক পথেই ছিলাম, ৭৮ শতাংশ সময় বল আমাদের দখলে ছিল এবং আমরা ১-০ তে এগিয়ে ছিলাম। এরপর দ্বিতীয়ার্ধে আমাদের সামনে ভালো সুযোগ ছিল, যা আমরা কাজে লাগাতে পারিনি।'

   

'জাপান আজকে দল হিসেবে বেশি দক্ষ ছিল। আমরা এমন ভুল করেছি, যা আমাদের কখনোই করা উচিত নয়, বিশেষ করে বিশ্বকাপে। এসব ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে।'

   

গ্রুপে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার ফ্লিকের দলের প্রতিপক্ষ স্পেন, যারা প্রথম ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।