Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ২ কিশোরের ১০ বছরের কারাদণ্ড

admin • 14 Jul 2025, 07:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় ২ কিশোরের ১০ বছরের কারাদণ্ড

অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ কিশোরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর শিশু অধিকার সুরক্ষায় এই রায়কে ‘উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

 

আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রী জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার প্রতিবেশী আরিফ হোসেন (বর্তমানে বয়স ২১) দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। তবে ছাত্রীটি তার প্রস্তাবে সাড়া না দিলে সে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।

 

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকা আরিফ হোসেন (তখন বয়স ১৬) ও ফয়জুল করিম হীরা (তখন বয়স ১৩) তার মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।

 

ঘটনার দুদিন পর ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা মোবারক হোসেন জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্ত শেষে ওই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য ও জেরা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এই রায় ঘোষণা করেন।

 

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ঘটনার সময় দুই আসামি কিশোর হলেও তারা একটি নারীর জীবন ধ্বংস করেছে। আজকের এই রায় কিশোর অপরাধীদের জন্য একটি বার্তা—বয়স কম বলে অপরাধের দায় এড়ানো যাবে না। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বাধীন বলেন, আমরা ন্যায়বিচার আশা করেছিলাম, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার চিন্তা করছি।

 

জেলা পর্যায়ের বিভিন্ন নারী ও শিশু অধিকার সংগঠন রায়কে সাধুবাদ জানিয়েছে। তারা বলছে, এই রায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত যৌন সহিংসতা মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগীয় পদক্ষেপের একটি শক্ত বার্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।