জামালপুর পৌরসভার হাটচন্দ্রার চর এলাকায় একটি ফসলের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১ জুলাই) সন্ধায় ৭টা দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে বিকেল ৫টা দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরে ওই যুবককে হাটচন্দ্রার চর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের ধারণা হয়েছিল, তিনি মানসিক ভারসাম্যহীন।
বুধবার বিকেলে চর এলাকার একটি ফসলের মাঠে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহযোগিতা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





