Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

admin • 07 Mar 2026, 09:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

 জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে ভেজাল গুড় উৎপাদন ও খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগে দুটি আড়তকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর থেকে নান্দিনা গো-হাটি বাজার এলাকার আটটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দোকানে তদারকি ও কাঁচামাল পরিদর্শন করা হয়। এ সময় আধুনিক প্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিকভাবে খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান রয়েছে কি না তা পরীক্ষা করেন কর্মকর্তারা। পরীক্ষায় মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়তে চিনি মিশিয়ে গুড় তৈরি, পচা নালি ও গুড়ের বীজ ব্যবহার এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর শিল্প-রাসায়নিক ‘হাইড্রোজ’ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়।

 

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও ইমন হোসেন।

 

অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ জানান, ‘হাইড্রোজ’ মূলত শিল্পকারখানায় ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ, যা খাদ্য প্রস্তুত বা প্রক্রিয়াজাতে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী গুড়সহ বিভিন্ন খাদ্যপণ্যকে সাদা ও আকর্ষণীয় দেখাতে এ ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকে।

   

তিনি আরও বলেন, এ ধরনের রাসায়নিক নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা এবং দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।